নিউজসুপার কলকাতা: ২৫ সেপ্টেম্বর ২০২৬

*আপডেটেড GeM 4.0 প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচিত হলেন আধিকারিক ও কর্মীরা*

বিভিন্ন বিভাগ ও ওয়ার্কশপে সাধারণ পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে GeM (Government e-Marketplace) পোর্টালের ব্যাপক, কার্যকর ও স্বচ্ছ ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনে প্রথমবার GeM কর্মশালার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে শ্রী অনুজ কুমার, ডিরেক্টর/GeM এবং শ্রী সায়ন্তন রায়, ডিরেক্টর/GeM অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন বিভাগের 250-রও বেশি আধিকারিক ও কর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও পূর্ব রেলের অন্যান্য ডিভিশন, ওয়ার্কশপ ও সদর দফতরের পাশাপাশি ব্রেথওয়েট-এর মতো অন্যান্য সংস্থার আধিকারিকরাও অংশ নেন।

শ্রী আশিস কুমার মিত্র, সিনিয়র ডিভিশনাল ম্যাটেরিয়াল ম্যানেজার, শিয়ালদহ-এর নেতৃত্বে এবং শ্রী রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, শিয়ালদহ-এর নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আধিকারিক ও কর্মীদের আপডেটেড GeM 4.0 প্ল্যাটফর্ম, এর ক্রয় প্রক্রিয়া, পরিষেবা এবং নতুন বৈশিষ্ট্যগুলির সঙ্গে পরিচিত করে তোলা। এই অধিবেশনে পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে রেলওয়ের ক্রেতাদের সম্মুখীন হওয়া সাধারণ প্রযুক্তিগত সমস্যা এবং বিক্রেতাদের বিল পরিশোধের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়। GeM বিশেষজ্ঞরা সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এর ফলে অংশগ্রহণকারীরা তাঁদের প্রযুক্তিগত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি কার্যকরী সমস্যার সমাধান এবং পোর্টালটি আরও সহজ ও দক্ষতার সঙ্গে ব্যবহারের বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন।

GeM বর্তমানে সরকারি সংস্থাগুলির সাধারণ পণ্য ক্রয়ের একটি প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা ক্রয়ের জন্য একটি বিস্তৃত ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে বিকশিত হয়েছে। কর্মশালায় স্বচ্ছতা, গুণমান এবং নির্ধারিত ক্রয় পদ্ধতি মেনে চলার পাশাপাশি GeM ব্যবহারের বিভিন্ন সুবিধার ওপরও আলোকপাত করা হয়।.

এই উপলক্ষে *শ্রী রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, শিয়ালদহ* বলেন, GeM সরকারি ক্রয়ের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও সুসংগঠিত প্ল্যাটফর্ম প্রদান করে। এই কর্মশালার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের আপডেটেড ব্যবস্থার সঙ্গে পরিচিত করানো এবং GeM-এর ব্যাপক ব্যবহারে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। এর ফলে ক্রয় প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও সহজ করে তুলতে সাহায্য করবে।