নিউজ সুপার ১৭ নভেম্বর ২৬: নদিয়ার চাকদা থানার অন্তর্গত রানিনগর গঙ্গার ঘাট এলাকায় ডাকাতির আগেই হানা দিয়ে চারজনকে গ্রেফতার করল চাকদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আরও ৮ থেকে ৯ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃতরা হলো –
১. সুমন রাজভর, বয়স ২৩ বছর, পিতা গোপাল রাজভর, বাড়ি পুমলিয়া, রাজভরপাড়া।
২. জিৎ রাজভর, বয়স ২১ বছর, পিতা দিলীপ রাজভর, বাড়ি পুমলিয়া, রাজভরপাড়া।
৩. সঞ্জিত বিশ্বাস, বয়স ৪৫ বছর, পিতা প্রয়াত গোপাল বিশ্বাস, বাড়ি ধনিচাম, পশ্চিমপাড়া।
৪. অর্ণব রায় ওরফে বাবাই, বয়স ৩৩ বছর, পিতা উত্তম রায়, বাড়ি রবীন্দ্রনগর, চাকদা কলেজের কাছে, ৩ নম্বর ওয়ার্ড।
সকলেই চাকদা থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা চাকদা থানার অন্তর্গত নেতাজি পার্ক এলাকায় একটি সোনার দোকান ও বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে রানিনগর গঙ্গার ঘাটে জড়ো হয়েছিল। সেই সময়ই পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।
ধৃতদের যৌথ হেফাজত থেকে উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে –
১. একটি চার চাকার এস-ক্রস গাড়ি, নম্বর ডব্লিউবি ৫২ বি ই ৩৯০৬,
২. কাঠের হাতল দেওয়া দুটি লোহার বেলচা,
৩. প্রায় আড়াই ফুট লম্বা তিনটি কাঠের লাঠি,
৪. একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, যার ব্যারেল, ট্রিগার, ফায়ারিং পিন ও প্লাস্টিকের বাট রয়েছে, দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি,
৫. একটি .৩০৩ লাইভ কার্তুজ,
৬. একটি ছোট নীল রঙের সাইড ব্যাগের মধ্যে থাকা পাঁচটি মোবাইল ফোন, যার মধ্যে রয়েছে একটি রেডমি ৫জি মোবাইল, দুটি ওয়ানপ্লাস মোবাইল, একটি স্যামসাং এ২১এস মোবাইল এবং একটি স্যামসাং এস২৩ আল্ট্রা মোবাইল,
৭. একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, নম্বর ডব্লিউবি ২৪এ ৩৪২৮,
৮. একটি গ্ল্যামার মোটরসাইকেল, নম্বর ডব্লিউবি ৫২জেড ৩৬২০,
৯. একটি পালসার মোটরসাইকেল, নম্বর ডব্লিউবি ৯০এ ৫৪৫৩।
সুমন রাজভরের চার চাকার গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। আরও অস্ত্র ও কার্তুজ উদ্ধার এবং পলাতক আসামিদের ধরার জন্য সুমন রাজভরকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কল্যাণী কোর্টে পাঠানো হয়েছে।








