নিউজসুপার :- এই প্রথমবার আগামী ২১ জুন রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে কলকাতার রেড রোডে। রেড রোড থেকেই দেশে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর এই উপলক্ষ্যে অনুষ্ঠানের প্রস্তুতি সারতে আট দিন ( ১৪-২১ জুন) ধরে রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। আর এনিয়েই শুরু বিতর্ক। শহরের অন্যতম এই গুরুত্বপূর্ণ রাস্তা টানা আটদিন বন্ধ রাখার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের দাবি, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখায় সকাল থেকে প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে। আইনজীবীদের কোর্টে আসা এবং ফেরার সময়ে নাকাল হতে হচ্ছে বলেও অভিযোগ। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন। উল্লেখযোগ্য, গত ইদুজ্জোহার দিনে রেড রোডে নমাজ কর্মসূচি বাতিল করেছিল পরিবর্তনের সরকার। রাস্তা আটকে কোনও কর্মসূচি পালন করা যাবে না বলে যুক্তি দেখিয়েছিল পুলিশ-প্রশাসন। যদিও এক্ষেত্রে কলকাতা পুলিশের দাবি, বিকল্প ব্যবস্থা রেখেই রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






