নিউজসুপার কলকাতা, ২৫ জুন, ২০২৬:ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)-এর সিএসআর (CSR) উদ্যোগের মাধ্যমে পূর্ব রেলের বি. আর. সিং হাসপাতালের জন্য নতুন চিকিৎসা সরঞ্জামের উদ্বোধনী অনুষ্ঠান আজ (২৫.৬.২০২৬) বি. আর. সিং হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওসকরের পৃষ্ঠপোষকতায় সিএসআর (CSR) উদ্যোগের মাধ্যমে বি. আর. সিং হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সহ চিকিৎসা পরিকাঠামোর এই আধুনিকীকরণ সম্ভব হয়েছে।
পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শ্রী শীলেন্দ্র প্রতাপ সিং প্রদীপ প্রজ্বলন করে এই নতুন চিকিৎসা সরঞ্জামগুলি অসুস্থ মানুষের সেবায় উৎসর্গ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী মণীশ চন্দ্র, পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর নটরাজ বাসপ্পা, শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা, বি. আর. সিং হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর দেবাশিস গুহ এবং পূর্ব রেলের অন্যান্য পদস্থ আধিকারিকগণ।
৫২৫টি শয্যা বিশিষ্ট ভারতীয় রেলের অন্যতম বৃহৎ হাসপাতাল তথা পূর্ব রেলের প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র বি. আর. সিং হাসপাতাল, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) উদ্যোগের মাধ্যমে পরিকাঠামোর এক বড়সড় আধুনিকীকরণ প্রত্যক্ষ করল। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)-এর সিএসআর (CSR) তহবিল থেকে প্রাপ্ত ২.৬৪ কোটি টাকার অনুদানে কেনা পাঁচটি (০৫) অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে রেলের উপভোক্তাদের সেবায় উৎসর্গ করা হয়েছে।
এই উন্নত প্রযুক্তির সংযোজন রোগীর চিকিৎসার আধুনিকীকরণে, বিশেষ করে বিশেষায়িত কার্ডিয়াক (হৃদরোগ) এবং ইএনটি (নাক-কান-গলা) চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্যসমূহ:
রেলওয়ের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে ভারতীয় রেলের সাথে একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরের পর IRFC-এর একটি বিশেষ সিএসআর (CSR) উদ্যোগের মাধ্যমে এই তহবিলের সম্পূর্ণ অর্থায়ন করা হয়েছে।
সংগৃহীত সরঞ্জামসমূহ:
কার্ডিওলজি বিভাগ: জটিল হৃদরোগ সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য একটি নতুন সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, একটি উন্নত অ্যানেশস্থেশিয়া ওয়ার্কস্টেশন এবং একটি উচ্চমানের ইকোকার্ডিওগ্রাফি মেশিন।
ইএনটি বিভাগ: নিখুঁত এবং ন্যূনতম অস্ত্রোপচারের (minimally invasive surgeries) জন্য একটি ইএনটি এন্ডোস্কোপিক সেট-৪কে (ENT Endoscopic Set-4K) এবং একটি মাইক্রো ডিব্রাইডার সেট।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শ্রী শীলেন্দ্র প্রতাপ সিং জানান যে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC) দ্বারা এই হাসপাতালের জন্য সিএসআর (CSR) তহবিলের অর্থ প্রদান বি. আর. সিং হাসপাতালের বিদ্যমান অত্যাধুনিক চিকিৎসা সুবিধাগুলিকে আরও উন্নত করবে, যা ফলস্বরূপ এই হাসপাতালে চিকিৎসাধীন রেলের উপভোক্তাদের উপকৃত করবে।
অনুষ্ঠানে বি. আর. সিং হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর দেবাশিস গুহ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন যে, কীভাবে IRFC-এর সিএসআর (CSR) উদ্যোগটি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনে অর্থায়নের মাধ্যমে বি. আর. সিং হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বৃদ্ধিতে সাহায্য করেছে।
এই পরিকাঠামো উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি বলেন, “এই অত্যন্ত উন্নত চিকিৎসা সরঞ্জামগুলির সংযোজন আমাদের রেল উপভোক্তাদের বিশাল নেটওয়ার্কের কাছে শীর্ষমানের ও সহানুভূতিশীল স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পূর্ব রেলের অবিচল অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে। আইআরএফসি (IRFC)-র সাথে এই যৌথ উদ্যোগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে, কীভাবে কর্পোরেট সমন্বয় সরাসরি জনস্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়ন ঘটাতে পারে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে অত্যন্ত কার্যকরী ও জীবনদায়ী পরিষেবা পৌঁছে দিতে পারে।”






